এভাবেই “শট” যখন দৌড়ে আসে ফটোগ্রাফারের দিকে

এভাবেই “শট” যখন দৌড়ে আসে ফটোগ্রাফারের দিকে

প্রবাদে আছে, "সুযোগ এবং প্রস্তুতির মিলনই হলো সৌভাগ্য।"

 

কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এটি কেবল ভাগ্যের গল্পই নয়; বরং সাফল্যেরও মূল সূত্র। সাফল্য তাদের কাছেই আসে, যারা নিজেকে প্রস্তুত রাখে, অপেক্ষা করে, এবং সুযোগ আসার আগেই মানসিকভাবে সেটিকে গ্রহণ করার অবস্থায় থাকে। ফটোগ্রাফির জগতে এই সত্য আরও তীক্ষ্ণভাবে প্রযোজ্য, কারণ এখানে একটি মুহূর্তই সবকিছু বদলে দিতে পারে।

 

গ্রিসের Panayotis Zaxiris নিয়মিত ছবি তোলেন Lake Kerkini-এর ধারে বসবাসকারী ডালমেশিয়ান পেলিক্যানদের। এই পাখিগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তাদের প্রবল কৌতূহল,  শীতকালে  তাদের প্রজনন মৌসুমে এটি আরও বেড়ে যায়, আর প্রজনন মৌসুমে তাদের ঠোঁটের নিচের থলিটি গাঢ় লাল-কমলা রঙের হয়ে ওঠে।

 

একদিন এমনই এক অপ্রত্যাশিত মুহূর্ত তৈরি হলো। হঠাৎ একটি পেলিক্যান তার দিকে এগিয়ে এলো, এবং হঠাৎ করেই তার বিশাল ঠোঁট পুরোপুরি হা করে ফেলল। মাত্র এক মিটার দূরত্বে দাঁড়িয়ে ছিলেন জ্যাক্সিরিস। তিনি আগে থেকেই কাছাকাছি শট নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু এই দৃশ্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত, যেন একটি “প্রাকৃতিক উপহার”।

 

পরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “ওটা ছিল একেবারে অ্যাড্রেনালিনে ভরা মুহূর্ত। ক্যামেরার স্ক্রিনে যখন ঠোঁটের ভেতরের সূক্ষ্ম ডিটেইলস দেখলাম, তখন বুঝলাম, আমি এমন একটি দৃশ্য ক্যাপচার করেছি, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব।”

 

ছবিটি ছিল একদম ক্লোজ-আপ,  সেখানে পাখিটির ঠোঁটের নিচের থলির সূক্ষ্ম গঠন, রঙের উজ্জ্বলতা এবং টেক্সচারকে অসাধারণভাবে তুলে ধরেছে। এই অসাধারণ কাজটির জন্য তিনি Nature Photography Contest 2025 বিজয়ী হন।

 

এই পুরো ঘটনাটি আমাদের আবার ফিরিয়ে নিয়ে যায় শুরুতে বলা সেই ধারণায়—সুযোগ নিজে থেকে আসে না; বরং তা ধরা দেয় তাদের কাছে, যারা প্রস্তুত থাকে।

 

বক্তব্যঃ
খুব গোছানো প্রস্তুতি ছাড়া, সুযোগ সামনে দাঁড়িয়ে থাকলেও আপনি তাকে চিনতে পারবেন না।

 

 

 

তথ্যসূত্র- হিপা অবলম্বনে