বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম : Salvator Mundi

বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম : Salvator Mundi

শিল্পের জগৎ কেবল রঙ-তুলি কিংবা ক্যানভাসের মধ্যেই আটকে নেই, এর ভেতর লুকিয়ে আছে রহস্য, রাজনীতি আর অমূল্য সম্পদের গল্প। সেই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে দামি চিত্রকর্ম, লিওনার্দো দা ভিঞ্চির Salvator Mundi।

 

সালভেটর মুন্ডি (Salvator Mundi) হলো লিওনার্দো দা ভিঞ্চির একটি বিশ্বখ্যাত চিত্রকর্ম, যার অর্থ 'বিশ্বের ত্রাণকর্তা' 

এই প্রতিকৃতিটি প্রায় ১৫০০ সালে আঁকা হয়েছিল, যাতে যিশু খ্রিস্টকে দেখানো হয়েছে।

 

২০১৭ সালের নভেম্বর মাস। নিউ ইয়র্কের ক্রিসটিজ অকশনে জমকালো আয়োজন। সবাই অপেক্ষায়, কী ঘটতে চলেছে। কয়েক মিনিটের টানটান বিডিং শেষে নিলামের হাতুড়ি যখন পড়ে, তখন ঘোষণা করা হয়, Salvator Mundi বিক্রি হলো ৪৫০.৩ মিলিয়ন মার্কিন ডলারে। মুহূর্তেই সবচেয়ে বেশী দামে বিক্রি হওয়া শিল্পকর্মের ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি হলো।

 

তবে এর গল্প কেবল দাম নিয়েই থেমে নেই, এটি ভিঞ্চির আকাঁ নয় বলেও  আছে প্রবল বিতর্ক। শিল্পবিশেষজ্ঞদের কেউ কেউ একে নিঃসন্দেহে দা ভিঞ্চির সৃষ্টি মনে করলেও অনেকে বলেন, হয়তো তাঁর স্টুডিওতে কোনো সহকারী কাজটি শেষ করেছিলেন।

 

ক্রেতার পরিচয় নিয়েও ছিল বেশ নাটকীয়তা। প্রথমে জানা যায় সৌদি আরবের প্রিন্স বদর বিন আব্দুল্লাহ এটি কিনেছেন। কিন্তু পরে গুঞ্জন ছড়ায়, আসলে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে চিত্রকর্মটি কিনেছেন। দীর্ঘদিন এটি রাখা হয় সৌদি প্রিন্সের বিলাসবহুল ইয়ট Serene-এ। বর্তমানে ধারণা করা হয়, এটি সৌদি আরবেই নিরাপদ কোন স্থানে সংরক্ষিত আছে এবং শিগগিরই রিয়াদে নির্মাণাধীন নতুন মিউজিয়ামে প্রদর্শিত হবে।

 

বিশ্বের সবচেয়ে দামি শিল্পকর্মের তালিকায় এর পরেই আছে আরও কয়েকটি শিল্পকর্ম। যেমন, উইলেম দে কুনিংয়ের Interchange প্রায় ৩০০ মিলিয়নে বিক্রি হয়েছিল। পল সেজানের The Card Players কিনেছিল কাতারের রাজপরিবার প্রায় ২৫০ মিলিয়ন ডলারে। পল গগ্যাঁর Nafea Faa Ipoipo (When Will You Marry?)- এর দামও ছুঁয়েছিল প্রায় ৩০০ মিলিয়ন। জ্যাকসন পোলকের Number 17A বিক্রি হয়েছিল ২০০ মিলিয়নে। আর এডভার্ড মুঞ্চের বিশ্ববিখ্যাত The Scream যা মানুষের গভীর ভয়ের প্রতীকী চিত্র, যা বিক্রি হয়েছিল ১২০ মিলিয়নে।

 

বিশ্বে সবচেয়ে দামি ছবি নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। সত্যিই কি ছবিটি ভিঞ্চি একেছিলেন, নাকি তাঁর সহকারী ? এর উত্তর হয়তো কখনও পাওয়া যাবে না। কিন্তু নিশ্চিতভাবে বলা যায়, Salvator Mundi ইতিমধ্যেই শিল্পের ইতিহাসে এক কিংবদন্তিতে পরিণত হয়েছে।