ছবির আড়ালে লুকানো বাস্তবতা: ফটোগ্রাফির প্রভাব, রাজনীতি ও মনস্তত্বের খেলা

ছবির আড়ালে লুকানো বাস্তবতা: ফটোগ্রাফির প্রভাব, রাজনীতি ও মনস্তত্বের খেলা

ছবি কি শুধু বাস্তবতার প্রতিফলন, নাকি আরও গভীর কিছু ? এই প্রশ্ন আজকের নয়, দীর্ঘদিন ধরেই ভাবাচ্ছে দার্শনিক, লেখক আর সমাজবিশ্লেষকদের।

 


বিশ্বখ্যাত আমেরিকান লেখক সুসান সোন্টেগ ১৯৭৭ সালে প্রকাশিত তার ঐতিহাসিক বই “On Photography”-তে বলেছিলেন, ছবি কেবল বাস্তবতাই দেখায় না, বরং সেটিকে নতুন করে নির্মাণ ও করে। তার ভাষায়, ছবি আমাদের চোখে ‘বাস্তবতা’র একটি বিকল্প রূপ তৈরি করে, যা আমাদের মনে স্থাপনের মাধ্যমে মানুষের ধারণা ও চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে।

 


তার মতে, ছবি হচ্ছে সামাজিক ও রাজনৈতিক প্রতিনিধিত্বের শক্তিশালী অস্ত্র। যুদ্ধ, দরিদ্র্য কিংবা দুর্যোগপূর্ণ অঞ্চল থেকে তোলা ছবি খুব সহজেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আরব বিশ্লেষক মোনা আবদেল-ফাত্তাহ তার এক প্রতিবেদনে বলেন, ছবি কখনো কখনো ‘সংঘাতপূর্ণ’ বা ‘অনুন্নত’ এলাকা হিসেবে কোনো অঞ্চলের ইমেজ তৈরি করে, যা দীর্ঘমেয়াদে মানুষের মতামত কে প্রভাবিত করে।

 

জন বার্জারের মতে, আমরা ছবিতে বিভিন্ন স্থানগুলোকে যেমন দেখি, সেগুলো বাস্তবে আসল রূপ নয়। তার বই “Ways of Seeing”-এ বলা হয়, ছবি অনেক সময় সেই স্থান গুলোর বাস্তবতা মুছে দিয়ে আমাদের পছন্দের ইমেজ তৈরি করে। যেমন, ট্যুর ব্রোশিয়ারগুলোতে ইটালির ভেনিসের যে ছবি ছাপা হয়, সেটি ভেনিস শহরের বাসিন্দাদের আসল চেহারা দেখায় না বরং এটা আমাদের কাছে ‘রোমান্টিক স্বপ্নের শহর’ হিসেবেই মনে হয়, যেখানে শহরের স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন কোন প্রতিফলন পাওয়া যায় না, সেখানে শুধুমাত্র পর্যটকদের জন্য একটা “আকাঙ্খিত স্বপ্নে শহরের” ইমেজ তুলে ধরা হয়।

 

আরেক আলোচিত বিশ্লেষক ডেভিড হার্ভে, তার বই “Postmodern Geography”-এ বলেন, ছবি সময় ও স্থানের ধারণাকেও সংকুচিত করে দেয়। তার মতে, ছবি অনেক সময় একটি জটিল সমাজ বাস্তবতাকে খুব সহজ ভাবে তুলে ধরে, শুধুই ভোগের উপাদানে পরিণত করে। এই ধারণাকে তিনি বলেন “compressed time and space”। ছবি তখন আর তথ্য নয়, হয়ে ওঠে বিক্রির পণ্য।

 

এডওয়ার্ড সাইদ তার বিখ্যাত বই “Orientalism”-এ এই বিষয়টিকে আরও গভীরভাবে বিশ্লেষণ করেন। তিনি বলেন, পশ্চিমা দৃষ্টিভঙ্গি থেকে তোলা ছবি প্রায়ই মধ্যপ্রাচ্য বা আফ্রিকার মতো অঞ্চলগুলোকে ‘অদ্ভুত’, ‘পিছিয়ে পড়া’ এবং ‘আধুনিকতার অভাবে’ ভরা এক জগত হিসেবে তুলে ধরে। এসব ছবি কখনো দারিদ্র্য, কখনো সহিংসতা বা সাংস্কৃতিক বৈচিত্র্যের আড়ালে লুকানো থাকে, যার ফলে এগুলো হয়ে ওঠে ‘পূর্বের’ ওপর পশ্চিমের এক ধরনের ক্ষমতা চর্চার মাধ্যম।

 

আজকের ডিজিটাল যুগে যখন ছবি হাতের মুঠোয়, তখন এই বিষয়গুলো আরও গভীর হয়ে উঠেছে। ছবি এখন শুধু স্মৃতি ধরে রাখে না, বরং বাস্তবতার সঠিক ‘ব্যাখ্যা’ অথবা মিথ্যা আরোপিত ব্যাখ্যা তৈরি করে। ছবির পেছনে লুকিয়ে থাকে নানান গল্প, রাজনীতি, উদ্দেশ্য এবং অনেক সময়, ‘অদৃশ্য’ ক্ষমতার খেলা।

 

ফটোগ্রাফি তাই এখন আর শুধু শিল্প নয়; এটা হয়ে উঠেছে এক ধরনের সামাজিক শক্তি—যা চোখ ধাঁধায়, মনকে প্রভাবিত করে, এবং অনেক সময়, সত্যকেও প্রশ্নবিদ্ধ করে।