বিখ্যাত ব্রাজিলীয় তথ্যচিত্র ফটোগ্রাফার ও ফটোসাংবাদিক সেবাস্টিয়াও সালগাদো মারা গেছেন

বিখ্যাত ব্রাজিলীয় তথ্যচিত্র ফটোগ্রাফার ও ফটোসাংবাদিক সেবাস্টিয়াও সালগাদো মারা গেছেন

বিখ্যাত ব্রাজিলিয়ান সোশ্যাল ডকুমেন্টারী ও ফটোজার্নালিস্ট সেবাস্টিয়াও সালগাদো মারা গেছেন গত ২৩ মে ২০২৫ তারিখে।

 

সালগাদো ১৯৪৪ সালের ৮ ফেব্রুয়ারি ব্রাজিলে জন্মগ্রহন করেন। তিনি অর্থনীতিতে পড়াশোনা করেন এবং একজন প্রশিক্ষিত অর্থনীতিবিদ ছিলেন।

 

তিনি বিশ্বব্যাংকের জন্য কাজ করতেন, সেই সময় প্রায়ই তিনি আফ্রিকা ভ্রমন করতেন। সালগাদো আফ্রিকায় ভ্রমণের সময় থেকেই গুরুত্ব সহকারে আলোকচিত্র তোলা শুরু করেন। সেই সময়ই তিনি অর্থনীতিবিদ হিসেবে তার ক্যারিয়ার ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং ১৯৭৩ সালে পুরোপুরিভাবে আলোকচিত্রের পথে যাত্রা শুরু করেন। শুরুতে তিনি সংবাদভিত্তিক কাজ করতেন, তবে পরে ধীরে ধীরে ডকুমেন্টারি ঘরানার কাজে মনোনিবেশ করেন।

 

 

প্রথম দিকে তিনি ফটো এজেন্সি Sygma এবং প্যারিসভিত্তিক Gamma-তে কাজ করেন। পরে ১৯৭৯ সালে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফারদের সংগঠন Magnum Photos-এ যোগ দেন। তবে ১৯৯৪ সালে ম্যাগনাম ত্যাগ করে স্ত্রী লেলিয়া ওয়ানিক সালগাদো-র সঙ্গে মিলে তিনি প্যারিসে নিজের এজেন্সি Amazonas Images প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তার নিজের কাজ উপস্থাপন ও পরিচালনা করা শুরু করেন।

 

সালগাদো ছিলেন ইউনিসেফের শুভেচ্ছা দূত। তিনি বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য:

  • ১৯৮২ সালে তিনি W. Eugene Smith Memorial Fund Grant পুরস্কারে ভূষিত হন।
  • ১৯৯২ সালে তিনি American Academy of Arts and Sciences-এর Foreign Honorary Member হিসেবে মনোনীত হন।
  • ১৯৯৩ সালে তিনি Royal Photographic Society-এর Centenary MedalHonorary Fellowship (HonFRPS) লাভ করেন।
  • তিনি ২০১৬ সালের এপ্রিল মাস থেকে Institut de France-এর Académie des Beaux-Arts-এর সদস্য ছিলেন।

এই সম্মাননাগুলো তার আলোকচিত্রশিল্পে অসামান্য অবদান এবং সামাজিক সচেতনতামূলক কাজের আন্তর্জাতিক স্বীকৃতির প্রমাণ।

 

 

 তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে-

  • Workers (1993): এই প্রকল্পে তিনি বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রমের কাজে নিয়োজিত মানুষের জীবন চিত্র তুলে ধরেন — যেমন স্বর্ণ খনির শ্রমিক, ধাতু কারখানার শ্রমিক, ইত্যাদি।

 

  • Migrations (2000): উদ্বাস্তুর জীবন, যুদ্ধ, দারিদ্র্য, পরিবেশ বিপর্যয় ইত্যাদি কারণে মানুষের স্থানান্তরের চিত্র তুলে ধরেন।

 

  • Genesis (2013): এটি ছিল তার প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ, যেখানে তিনি এমন সব স্থান চিত্রায়িত করেন যা আধুনিক সভ্যতা থেকে প্রায় আড়ালে আছে। এই প্রকল্পের লক্ষ্য ছিল মানুষের সাথে প্রাকৃতিক পরিবেশের পুনঃসংযোগ ঘটানো।

 

 

তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন উন্নয়নশীল দেশের শ্রমজীবী মানুষের উপর ভিত্তি করে করা তার সমাজ সচেতন আলোকচিত্রের জন্য। তার কাজের প্রধান কেন্দ্র ছিল প্যারিস। তিনি সারা বিশ্বজুড়ে তার গভীর মানবিক চেতনা ও শক্তিশালী সাদাকালো চিত্রের জন্য পরিচিত। তিনি দারিদ্র্য, পরিব্রাজন, পরিশ্রমজীবী মানুষ, এবং প্রাকৃতিক পরিবেশের উপর দীর্ঘমেয়াদি প্রকল্পের মাধ্যমে কাজ করেছেন। তার বিভিন্ন ফটোগ্রাফি প্রজেক্টের জন্য তিনি ১২০ টির ও বেশী দেশ ভ্রমন করেছেন।